প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ২০:০৮ (শুক্রবার)
সিলেটে ক্রাশার মিলে অভিযান, যা পেল পুলিশ

ছবি: ফাইল ছবি।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে পাথর পরিবহন কালে ৩টি ছোট ট্রাক্টর আটক করেছে পুলিশ। পরে এ ঘটনায় পরিবেশ আইনে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।

 

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি ভোলাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পাথর বোঝাই ট্রাক্টরগুলো আটক করেন।

 

পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা থেকে কিছু দুষ্কৃতকারী প্রায়ই পাথর নিয়ে বিক্রির পায়তারা করে। পুলিশের শক্ত অবস্থানের কারণে তারা পাথর পরিবহন করতে পারছিল না। বুধবার (৫ আগস্ট) নারাইনপুর গ্রামে পাথর বোঝাই কয়েকটি ট্রাক্টরকে ধাওয়া দিতে পুলিশ ঐ এলাকায় গেলে অন্য রাস্তা দিয়ে তারা ৩টি পাথর বোঝাই ট্রাক্টর ভোলাগঞ্জের ক্রাশার মিলে নিয়ে আসে। এসময় থানা পুলিশ ক্রাশার মিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি ছোট ট্রাক্টর আটক করে। পরে এগুলো ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে। ৩টি পাথর বোঝাই ট্রাক্টর আটকের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। যারাই এই ধরনের পাথর উত্তোলন বা পরিবহনের সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ জলিল/ এহিয়া-০৮