মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান (৩২) নামের এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ও অভিযানের বিবরণগ্রেপ্তারকৃত ব্যক্তি: পারভেজ আলম খান (৩২)। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বর্তমানে তিনি ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন।
৮ আগস্ট শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তাঁকে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এবং ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে সারারাত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১ আগস্ট এম নাসের রহমানকে নিয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে অন্য একজনের শরীরের সঙ্গে তাঁর মুখমণ্ডল যুক্ত করে একটি বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি সামনে আসে। এই ঘটনায় রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ২ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, এর আগে এ মামলায় সৈয়দ তানভীর আহমেদ নামের আরও একজনকে শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত পারভেজ আলম খানকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশের গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.