প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১৮:৫৫ (রবিবার)
দিরাই বিএনপিতে নতুন করে উত্তাপ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিরাই পৌরসভার বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে মঈনুদ্দিন চৌধুরী (মাসুক) ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে একটি ‘সিন্ডিকেট’ গড়ে উঠেছে। তাদের দাবি, এই সিন্ডিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। বর্তমানে তারা সংসদ সদস্যের অসুস্থতা ও অক্ষমতাকে পুঁজি করে সরকারের বিভিন্ন উন্নয়ন বরাদ্দ ও অনুদান নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন। ফলে সরকারি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না।

সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈনুদ্দিন চৌধুরী মাসুক বলেন, দলের পদধারী নেতারা তারেক রহমানের প্রতিনিধি। তাদের বাদ দিয়ে পিএস-এপিএস দিয়ে দল পরিচালনা করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরে সংসদ সদস্যের বরাদ্দ, কৃষি প্রণোদনা, ঈদের অনুদানসহ বিভিন্ন সরকারি সহায়তা ওই সিন্ডিকেট লুটেপুটে খাচ্ছে।

মঈনুদ্দিন চৌধুরী মাসুক বলেন, বিএনপির বিভিন্ন বলয়ে বিভক্ত নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ হয়ে নাছির উদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। কিন্তু নির্বাচনের পর ওই সিন্ডিকেটের কারণে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী তাদের ধন্যবাদ পর্যন্ত দিতে পারেননি বলেও তিনি অভিযোগ করেন।

সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈনুদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাস, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, সদস্য শোয়েব হাসান, অ্যাডভোকেট ওবায়দুর চৌধুরী মিশু, সুমন মিয়া, জাকারিয়া আহমেদ, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত রিপন, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে চলমান বিভিন্ন অভিযোগ ও সমালোচনার জবাব দেন।

ওই সমাবেশে তিনি বলেন, আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না। যারা দলের নাম ব্যবহার করে চুরি-দুর্নীতি করতে পারছে না, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, ৬ আগস্টের সমাবেশই বিএনপির মূল সমাবেশ এবং ৮ আগস্ট বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করছে, তারা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ নিয়ে দিরাই উপজেলা বিএনপিতে পাল্টাপাল্টি সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে দলের অভ্যন্তরীণ বিভাজন প্রকাশ্যে এসেছে।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪