প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১৩:২৯ (সোমবার)
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউটের ‘ফল উৎসব’

​সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেট নগরীর হরিজন পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ফল উৎসব ২০২৬’ আয়োজন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ। 

শনিবার (৮ আগস্ট) নগরীর হরিজন পল্লী এলাকায় এই উৎসবের আয়োজন করা হয়। 

রোভার স্কাউট সদস্যরা বিকেল ৩টা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দেশীয় মৌসুমী ফল বিতরণ শুরু করেন। ফল বিতরণের পাশাপাশি শিশুদের সঙ্গে আনন্দ বিনোদন ও সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচিটি চলে। 

স্কাউট সদস্যদের এই উদ্যোগের ফলে স্থানীয় হরিজন পল্লীর শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের​ পক্ষ থেকে জানানো হয়, রোভার স্কাউটিংয়ের মূল স্তম্ভ ‘মানবসেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ’। সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সামাজিক ও মানসিকভাবে সামিল করাই এই আয়োজনের প্রাথমিক উদ্দেশ্য।

উল্লেখ্য, ​ফল উৎসবের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী।

এই মানবিক উদ্যোগটি বাস্তবায়নের সার্বিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা প্রদান করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী।

প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিতভাবে সামাজিক উন্নয়নমূলক, সেবামূলক ও জনসচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি সচেতনতা ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে ‘ফল উৎসব ২০২৬’ সফলভাবে সম্পন্ন হলো।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি