ছবি: ফাইল ছবি।
দীর্ঘদিনের পর ফের নতুন করে সিলেটে করোনা ভাইরাসে একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (৯ আগস্ট) বিকেলে বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।
তিনি জানান, দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি হৃদরোগের চিকিৎসার জন্য সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। ওই টেস্টের রিপোর্টে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৪ মাস সিলেটে নতুন করে করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ২০১৯ সালের শেষ দিকে শুরু হলেও ২০২০ সালের মাঝামাঝি সময়ে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন করোনায় মারা যান সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিন। এরপর ধীরে ধীরে সিলেটজুড়ে সংক্রমণ বাড়তে থাকে। ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সে সময় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষদিকে ধীরে ধীরে সিলেটে করোনার প্রকোপ কমতে শুরু করে।
করোনাভাইরাসে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে মৃত্যুর সিংহভাগই রেকর্ড হয়েছে সিলেট জেলায়। মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশেরও বেশি এই জেলায় হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.