যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক সংগঠন ‘সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল)-এর মিশিগান চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল, ডেমোক্রেটিক পার্টি নেতা মিনহাজ চৌধুরীর কানাডা আগমন উপলক্ষে টরন্টোতে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) রাত ১০টায় ডেনফোর্থে অবস্থিত ‘সাপ্তাহিক ভোরের আলো’ পত্রিকা কার্যালয়ে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সাপ্তাহিক ভোরের আলো পত্রিকার সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
সভায় সংবর্ধিত অতিথি মিনহাজ চৌধুরী তাঁর সংক্ষিপ্ত সফরে কানাডার বাংলাদেশি প্রবাসী ও সংগঠকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ এবং শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় 'আসাল'-এর সামাজিক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কানাডা ও আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের অভিজ্ঞতা ও সহযোগিতার আদান-প্রদান দু দেশের কমিউনিটিকেই সামনে এগিয়ে নিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে খন্দকার আব্দুল আহাদ বলেন, ডেমোক্রেটিক পার্টির মতো রাজনীতিতে প্রবাসীদের এই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত আনন্দের ও গর্বের। মিনহাজ চৌধুরীর এই সফর দু দেশের বাংলাদেশি কমিউনিটির সম্পর্ককে আরও গভীর করবে।
সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান মঈন চৌধুরী, ইমন চৌধুরী ওয়েছ, ইঞ্জিনিয়ার আবু জাহির মোহাম্মদ সাকিব, গিয়াস আহমদ, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সাল, নাসির খান, রোটারিয়ান তপু রায়, আলমগীর কবির, তাছনিম রহমান চৌধুরী, নুরুল আবিরসহ অন্যান্য সুধীজন।
তাঁরা মিনহাজ চৌধুরীর সাফল্য কামনা করেন এবং প্রবাসীদের পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন ধরে রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত প্রবাসীরা মিনহাজ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.