প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৭:২৫ (সোমবার)
কমলগঞ্জে পাসের হার ৪৬.১৩ শতাংশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি। এ উপজেলায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭১ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৪৬.১৩ ভাগ। সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করেছে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজে ৬৬টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১৭টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৬টি, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫টি, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ৪টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ৩টি, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ২টি, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ২টি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উচ্চ বিদ্যালয় থেকে ১টি ও ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।

 

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৩৮.৫৩ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৭ জন
পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার শতকরা ৮৬.৪৮ ভাগ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল পরীক্ষায় মোট ১২০টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ একাই শতভাগ উত্তীর্ণসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করে।

 


সিলেটভিউ২৪ডটকম/ জয়নাল/ এহিয়া-০২