প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৮:৫৩ (সোমবার)
আইসিসির মাস সেরা ক্রিকেটারের দৌড়ে তানজিদ

আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম, ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। মাসজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মনোনয়ন পেলেন তারা। এর মধ্যে একজনকে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার দেবে আইসিসি।
 

বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ে সফরে দারুণ ধারাবাহিক ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়ানডে সিরিজে ৩ ম্যাচ মিলিয়ে ১৫৯ রান করেছিলেন তানজিদ। ব্যাটিং গড় ৫৩ এবং স্ট্রাইকরেট ছিল ৮৯.৮৩। ওয়ানডে সিরিজে যদিও ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ দল।

পরে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ হাসান তামিম। ৩ ম্যাচ মিলিয়ে তানজিদের ব্যাট থেকে এসেছে ১৪০ রান, ব্যাটিং গড় ৭০ এবং স্ট্রাইকরেট ১২৭.২৭। দুই সিরিজেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এসেছে তানজিদের ব্যাট থেকে। ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
 

ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক হ্যারি ব্রুক ভারত সিরিজে ছিলেন ফর্মের তুঙ্গে। ৩ ওয়ানডে মিলিয়ে ৩১ রান করলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্রুকের রান ২২৯, ব্যাটিং গড় ১১৪.৫০। স্ট্রাইকরেট ২১৪.০১। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ড ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারতকে। জুলাই মাসে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন জাস্টিন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলেছেন ১৮০ রানের ঝলমলে ইনিংস, যে ম্যাচ ড্র করে লঙ্কানদের বিপক্ষে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে টারুবা টেস্টে বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে দুই টেস্ট খেলে ২১৫ রানের সাথে ৮ উইকেট তুলেছেন গ্রিভস। এই মাসে ২ ওয়ানডে থেকে গ্রিভস তুলেছেন ৩২ রান।
 

নারীদের মধ্যে মাসের সেরার মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, শ্রীলঙ্কার হার্শিতা সামারাবিক্রমা এবং ইংল্যান্ডের ন্যাট স্ক্রিভার-ব্রান্ট।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫