প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৩:৩৮ (মঙ্গলবার)
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ নিয়ে উত্তপ্ত জৈন্তাপুর

ছবি : এ আই দিয়ে তৈরি প্রতীকী

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার হরিপুর বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে উপজেলা জুড়ে মাইকিং করে কর্মসূচির প্রচার চালানো হয়েছে। জৈন্তাবাসী এটিকে জৈন্তাপুরের ইতিহাসে প্রথমবার কোনো ইউএনওর বিরুদ্ধে উপজেলা জুড়ে মাইকিং করে প্রতিবাদ কর্মসূচি আয়োজন বলে দাবি করেছেন।


মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে ‘অবৈধ নিয়োগ’ বাতিল, পুনরায় নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ এবং ইউএনও সুনন্দা রায়ের প্রত্যাহারের দাবি জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এর আগে শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে হরিপুর বাজারে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন ও নিয়োগপ্রত্যাশীরা। বিক্ষোভ থেকে প্রকাশিত ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাই এবং ইউএনও সুনন্দা রায়ের অপসারণের দাবি জানানো হয়।

নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নেওয়া হয়েছে। তারা প্রকাশিত ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন করে যোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম আহমদ বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে তারা মনে করছেন। বিতর্কিত ফলাফল বাতিল করা না হলে ইউএনও কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।

তবে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। তিনি বলেন, ‘স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো জালিয়াতি হয়নি। নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি- এসব যাচাই করা হয়নি।’

সিলেটভিউ২৪ডটকম/জাহিদ