ছবি: সিলেট ভিউ।
মৌলভীবাজার সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল এবং একটি ডায়ালাইসিস সেন্টারে অভিযান দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও তার দল সহযোগিতা করেন।
জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে ওষুধ সংরক্ষণ না করা, পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন রাখার মতো অনিয়মের অপরাধে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এই অভিযানের সময় সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সোনার বাংলা ফাউন্ডেশন নামের ডায়ালাইসিস সেন্টারে অভিযান দিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে পুরাতন হাসপাতাল রোড এলাকার আল হামরা (প্রাইভেট) হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এসময় ওই হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী বলেন, ‘অভিযানে যথাযথভাবে ওষুধ সংরক্ষণ না করা, পোস্ট-অপারেটিভ রুমের ব্যবস্থাপনায় অনিয়ম এবং অটোক্লেভ (স্টেরিলাইজেশন) রুম অপরিচ্ছন্ন রাখার মতো অনিয়ম পাওয়া যায়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’ তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মান ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.