ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জিয়াসমিন আক্তার (৩২) নামের এক গৃহবধূকে শারিরীক নির্যাতন করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ও সতিনকে গ্রেফতার করেছে পুলিশ। জিয়াসমিন আক্তার জৈন্তাপুর থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকার মো. রফিক আহমদ উরফে রশিদ আহমদের স্ত্রী।
গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকার বশির আহমদের ছেলে মো. রফিক আহমদ উরফে রশিদ আহমদ (৫২) এবং তার আরেক স্ত্রী মোছা. রোশনা বেগম (৩৬)। জিয়াসমিন আক্তারের বড় সতিন মোছা. রোশনা বেগম।
পুলিশ জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় মো. রফিক আহমদ উরফে রশিদ আহমদের বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জিয়াসমিনের স্বামী এবং তার বড় সতিন মোছা. রোশনা বেগম তাকে শারীরিক নির্যাতন করেন।
পরবর্তীতে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা আনুমানিক ১টার দিকে জিয়াসমিন অসুস্থতাবোধ করলে তার পিতা বশির আহমদ তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রওয়ানা দেন। হাসপাতালে যাওয়ার পথে জিয়াসমিন আক্তার মৃত্যুবরণ করেন। পরে বশির আহমদ জৈন্তাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.