প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৭:৪৩ (বৃহস্পতিবার)
রোনালদো এখন আর্জেন্টিনার জামাই

আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে বিয়ে হয়েই গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। দীর্ঘদিনের জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে আর্জেন্টিনার জামাই বনে গেলেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।
 

রোনালদো-জর্জিনার ১০ বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেল গত রাতে। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, লিসবনের কাছাকাছি কাসকাইস এলাকায় তারা গাঁটছড়া বেঁধেছেন। তাদের পাঁচ সন্তান বিয়েতে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা গেছে, জর্জিনার হাতের ওপর হাত রেখেছেন তিনি। দুজনেই আংটি পরেছিলেন। ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ দুটি শব্দ পোস্ট করে সেটার মাঝে ভালোবাসার ইমোজি দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। সামাজিক মাধ্যমে এই ছবি পোস্টের ৩০ মিনিটের মধ্যেই সেখানে ৩০ লাখেরও বেশি লাইক পড়ে যায়।
 

সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে গত বছরের ১১ আগস্ট রোনালদো-জর্জিনা নিজেদের বাগদত্তা হওয়ার খবর জানান দিয়েছেন। সেই সময় জর্জিনা একটি বড় আংটির ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার সব জীবনেই।’ ঠিক তার এক বছরের মাথায় দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

কদিন আগে রোনালদো-জর্জিনার বিয়ের গুঞ্জনে ফুনশাল ক্যাথেড্রালে ভিড় জমে গিয়েছিল। উপস্থিত দর্শকেরা পরে জানতে পেরেছিলেন, পাত্র-পাত্রী আসলে অন্য কেউ। ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সবকিছু স্পষ্ট করে দিয়েছিল। রোনালদোও এই পোস্টে মজার ইমোজি দিয়েছিলেন।
 

দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদো করেন ৯৭৬ গোল। ক্লাব ক্যারিয়ারে স্পোর্তিং সিপি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস হয়ে এখন আল নাসরে খেলছেন পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে করেন ১৪৬ গোল। যা আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল। কদিন আগে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

রোনালদোর বাগদত্তা জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শো-রুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন জর্জিনা। রোনালদোও তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। তখন থেকেই রোনালদো-জর্জিনার প্রেমের শুরু। ১০ বছর পর গতকাল লিসবনে তাঁদের প্রেম পেল পূর্ণতা।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০