প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৯:৩৯ (শুক্রবার)
টাঙ্গুয়ার হাওরে যে কারণে ৮ নৌকাকে জরিমানা

ছবিঃ সিলেট ভিউ।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেছে তাহিরপুর থানা পুলিশ। অভিযানে ৮টি ইঞ্জিনচালিত নৌকার বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়। 

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাওরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে নৌকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় মোট ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। 

 

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০২