শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের পাশের আবাসিক এলাকায় অবস্থিত ‘রিপন ছাত্রাবাসে’ র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে এক অফিস আদেশে এ তথ্য জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১০ আগস্ট রাতে রিপন ছাত্রাবাসে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদারকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ওমর ফারুক, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শোয়াইব। এছাড়া পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
অফিস আদেশে তদন্ত কমিটিকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৪
আইটি ল্যাব সলিউশন্স লি.