সিলেটের বিয়ানীবাজারে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে ‘সৃজনশীল খাদ্যসজ্জা ও ফুড কারভিং (Food & Vegetable Carving)’ বিষয়ক তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে বিয়ানীবাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনেল সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
.gif)
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নারী উদ্যোক্তারা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। চিরাচরিত কাজের বাইরে গিয়ে সৃজনশীল খাদ্যসজ্জা ও ফুড কারভিংয়ের মতো আধুনিক দক্ষতা অর্জন নারীদের আয়ের নতুন নতুন পথ উন্মোচন করবে। এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা কেবল নিজেদের পরিবারকে আর্থিকভাবে সমৃদ্ধ করবেন না, বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। নারী উদ্যোক্তাদেরকে সব ধরনের সহযোগিতা ও সহায়তা প্রদানে আমাদের সরকার সবসময় পাশে রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের তৈরি করতে এসএমই ফাউন্ডেশন ও উইমেন চেম্বার অব কমার্স প্রশংসনীয় ভূমিকা রাখছে। আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করে স্থানীয় নারী উদ্যোক্তারা যাতে নিজেদের ব্যবসা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারেন, সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.