সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে শিলং তীর নামক জুয়া খেলার অভিযোগে ১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার শাহজাহান বেপারীর ছেলে সাগর আহমেদ (৩৪)। র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার খোঁজাখলায় অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয় সাগরকে।
আটক ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে শিলং তীর ও অন্যান্য অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.