প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৬:১৫ (রবিবার)
আলোচিত ইমন হ*ত্যা: অ*স্ত্র*সহ ৩ জন গ্রে ফ তা র

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
 

মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আলোচিত ‘কিশোর গ্যাং লিডার এলেক্স গ্রুপের’ ইমন ওরফে এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি এই শাহরুখ।

রবিবার (১৬ আগস্ট) মোহাম্মদপুরে র‍্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।
 

র‍্যাব জানায়, শনিবার (১৫ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করছেন।

তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শাহরুখ (২৭), তার সহযোগী মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়।
 

পরে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার ইউনুস খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি, খুনের একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং দ্রুতবিচার আইনসন একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।
 

র‍্যাবের তথ্য অনুযায়ী, আলোচিত এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ছয়জন এবং অজ্ঞাতনামা পাঁচজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬