কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে ফ্রি ও গো (Go) প্ল্যানের ব্যবহারকারীরা জিপিটি-৫.৬ লুনা মডেল ব্যবহার করে সীমা ছাড়াই টেক্সট চ্যাট করতে পারবেন। একই সঙ্গে জটিল প্রশ্নের উত্তর পেতে নতুন ‘Think’ বাটন সুবিধাও পাবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির সাপ্তাহিক ব্যবহারকারী সংখ্যা সম্প্রতি ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এর পরিপ্রেক্ষিতে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের বর্তমান সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। তবে ফাইল, ছবি, ভয়েস ও ছবি তৈরির মতো সুবিধাগুলোর ক্ষেত্রে আলাদা ব্যবহারের সীমা আগের মতোই থাকবে।
নতুন ব্যবস্থায় ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির ডিফল্ট মডেল হিসেবে যুক্ত হচ্ছে GPT-5.6 Luna। এটি দ্রুত ও তুলনামূলক কম খরচের মডেল হিসেবে GPT-5.6 পরিবারের অংশ। একই সঙ্গে ব্যবহারকারীরা জটিল প্রশ্নের ক্ষেত্রে নতুন ‘Think’ বাটনে চাপ দিয়ে চ্যাটজিপিটিকে আরও বেশি যুক্তিনির্ভরভাবে উত্তর দেওয়ার সুযোগ পাবেন।
তবে নতুন সুবিধাগুলো একসঙ্গে সবার কাছে পৌঁছাবে না। ওপেনএআই জানিয়েছে, ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য পরিবর্তনগুলো চলতি সপ্তাহে চালু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ব্যবহারকারীরা আনলিমিটেড টেক্সট চ্যাট ও নতুন ‘Think’ বাটন ব্যবহারের সুবিধা পাবেন।
এদিকে চ্যাটজিপিটির প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্যও পরিবর্তন আনা হয়েছে। তাদের জন্য GPT-5.6 Sol মডেলের উন্নত সংস্করণ চালু করা হচ্ছে। দ্রুত প্রশ্নের উত্তর, ওয়েব গবেষণা, পরামর্শ, পরিকল্পনা, লেখালেখি ও সিদ্ধান্ত গ্রহণের মতো কাজে এই মডেলকে আরও কার্যকর করার কথা জানিয়েছে ওপেনএআই।
প্রতিষ্ঠানটির দাবি, নতুন GPT-5.6 Sol আরও সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য উত্তর দেবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় তথ্য কমিয়ে সরাসরি উত্তরের দিকে গুরুত্ব দেওয়া হবে।
প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন একটি ‘Thinking Slider’ও যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় চ্যাটজিপিটি কতটা গভীরভাবে চিন্তা করবে, তা ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন। প্রশ্নের জটিলতা অনুযায়ী ব্যবহারকারী এই মাত্রা বাড়াতে বা কমাতে পারবেন।
ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের বরাত দিয়ে টেকক্রাঞ্চ জানিয়েছে, GPT-5.5-Instant-এর তুলনায় নতুন GPT-5.6 Luna মডেলে তথ্যগত ভুল ৬২ শতাংশ কম এবং GPT-5.6 Sol-এ ৬৮ শতাংশ কম পাওয়া গেছে।
নতুন GPT-5.6 Sol ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অন্যদিকে ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড টেক্সট চ্যাট ও ‘Think’ বাটন পর্যায়ক্রমে চালু করা হচ্ছে।
ওপেনএআইয়ের এই পরিবর্তনের ফলে বিনামূল্যের ব্যবহারকারীরা চ্যাটজিপিটির টেক্সটভিত্তিক ব্যবহারে আরও বেশি স্বাধীনতা পাবেন বলে মনে করা হচ্ছে। তবে ছবি, ফাইল, ভয়েস ও ছবি তৈরির মতো সুবিধায় ব্যবহারের সীমা বহাল থাকছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.