প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৭:৪১ (রবিবার)
হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া বার্তা ও ছবি যেভাবে ফেরত আনা যাবে

বর্তমানে মেটার জনপ্রিয় ফ্রি মেসেজিং ও কলিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’ ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে ভুলবশত অনেক সময় হোয়াটসঅ্যাপে বার্তা, ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ নথি মুছে যেতে পারে। সে সময় বেশ বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। কারণ, হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলা তথ্য ও ছবি উদ্ধার করা বেশ জটিল কাজ।
 

শুধু তা-ই নয়, এ জন্য অবশ্যই আগে থেকে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ অপশন চালু রাখতে হয়। তবে ব্যাকআপ অপশনে নির্দিষ্ট সময়ের পরের তথ্য কিন্তু জমা থাকে না। এ কারণে কোনো তথ্য ফিরিয়ে আনার আগে প্রথমেই হোয়াটসঅ্যাপে সর্বশেষ ব্যাকআপের তারিখ ও সময় জেনে নিতে হবে। এছাড়া ফোনের স্টোরেজে থাকা স্থানীয় ব্যাকআপ থেকেও কিছু ক্ষেত্রে পুরোনো তথ্য ফিরিয়ে আনা সম্ভব।
 

চলুন জেনে নিই হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া বার্তা ও ছবি কীভাবে ফেরত আনা যাবে-

বার্তা ও ছবি ফেরত আনতে যা করতে হবে

বার্তা ও ছবি ফেরত আনতে প্রথমেই হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘চ্যাটস’ অপশনে গিয়ে ‘চ্যাট ব্যাকআপ’ নির্বাচন করতে হবে। সেখানে সর্বশেষ ব্যাকআপ তৈরির তারিখ ও সময় দেখা যাবে। ব্যাকআপের সময় যদি ঠিক থাকে তাহলে ফোন থেকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে।

পরবর্তীতে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর অথবা আইফোনে অ্যাপ স্টোর খুলে হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করতে হবে। হোয়াটসঅ্যাপ চালু করার পর আগের অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি দিতে হবে। এরপর ফোনে পাঠানো ওটিপির মাধ্যমে নম্বরটি যাচাই করতে হবে। যাচাই হয়ে গেলে আগের ব্যাকআপ থেকে চ্যাট পুনরুদ্ধারের জন্য ‘রিস্টোর’ অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই ব্যাকআপে সংরক্ষিত সব তথ্য আবার ফোনে দেখতে পাওয়া যাবে।
 

ব্যাকআপ অপশন যদি চালু না থাকে তবে কী করবেন

ব্যাকআপ অপশন চালু না থাকলে বা ব্যাকআপে প্রয়োজনীয় তথ্য না থাকলে কিছু ক্ষেত্রে তথ্য রিকভারি সফটওয়্যারের সাহায্য নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ড.ফোনের মতো বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ তথ্য পুনরুদ্ধার করতে পারে। তবে এ ধরনের অ্যাপ ব্যবহার করলেই মুছে যাওয়া সব তথ্য ফিরে পাওয়া যাবে, এমন কোন নিশ্চয়তা নেই। কারণ, কোনো ফাইল মুছে যাওয়ার পর নতুন তথ্য সংরক্ষণ করা হলে সেগুলো পুরোনো তথ্যের জায়গায় জমা হতে পারে। ফলে মুছে ফেলা তথ্য নতুন করে পুনরুদ্ধার করা বেশ কঠিন হয়ে পড়ে। শুধু তা–ই নয়, ফোনের মডেল, অ্যান্ড্রয়েডের সংস্করণ, স্টোরেজের ধরন এবং তথ্য মুছে যাওয়ার পর ফোনটি কত সময় ব্যবহার করা হয়েছে—এসব বিষয়ও পুনরুদ্ধারের সম্ভাবনা বা সফলতার ওপর প্রভাব ফেলতে পারে।
 

ভবিষ্যতে আপনার তথ্য হারানো ঠেকাতে কী করবেন

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি কমাতে নিয়মিত ব্যাকআপ রাখা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে ব্যাকআপের ব্যবস্থা করে রাখা উচিত। বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ সব ছবি, ভিডিও ও নথির অতিরিক্ত কপি কম্পিউটার বা অন্য কোনো নিরাপদ স্থানে রাখা যেতে পারে। এতে হোয়াটসঅ্যাপের ব্যাকআপে কোনো সমস্যা হলেও প্রয়োজনীয় সব তথ্য পুরোপুরি হারিয়ে যাওয়ার ঝুঁকি কমে যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০