প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২৩:০০ (সোমবার)
সিলেটে ফুড পান্ডায় বিরিয়ানি অর্ডার দিয়ে বিপাকে ক্রেতা

ছবি: সিলেট ভিউ।

সিলেটে ফুডপান্ডায় বিফ বিরিয়ানি অর্ডার করে অর্ধেক খাওয়া খাবার পাওয়ার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী ক্রেতা। এ ঘটনায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ খাবার পরিবর্তন করে দিলেও দ্বিতীয়বার দেওয়া বিরিয়ানির প্যাকেটও একই অবস্থায় পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের জিন্দাবাজার এলাকায়। 

 

ভুক্তভোগী ভোক্তার নাম হেনা মমো। তিনি জিন্দাবাজার এলাকার বাসিন্দা ও একটি কর্পোরেট হাউজের শিক্ষক।

 

জানা গেছে, রবিবার (১৬ আগস্ট) সকালে অফিসে যাওয়ার কিছুক্ষণ পর আনুমানিক সাড়ে ১০টার দিকে অনলাইন খাবার সরবরাহকারী অ্যাপ ফুডপান্ডার মাধ্যমে বিফ বিরিয়ানি অর্ডার করেন হেনা মমো। অর্ডারের প্রায় আধাঘণ্টা পর ফুডপান্ডার ডেলিভারি রাইডার স্বচ্ছ তালুকদারের কাছ থেকে খাবার গ্রহণ করে বিল পরিশোধ করেন তিনি। পরে খাবারের প্যাকেট খুলে হেনা মমো দেখতে পান, অর্ডার করা বিরিয়ানির একটি অংশ খাওয়া অবস্থায় রয়েছে।

 

বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ফুডপান্ডা কর্তৃপক্ষকে জানান বলে অভিযোগ করেন। তবে তার অভিযোগ যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এরপর তিনি সংশ্লিষ্ট রাজবাড়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে জানায়, এ বিষয়ে ফুডপান্ডা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরে তিনি ডেলিভারি রাইডারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন। তবে রাইডার তাকে চেনেন না বলে জানান।

 

ভুক্তভোগী ক্রেতা হেনা মমো বলেন, ‘তিনি নিয়মিত ফুডপান্ডার মাধ্যমে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেন। সম্প্রতি বিফ বিরিয়ানি অর্ডার করে প্যাকেট খুলে দেখেন, খাবারের প্রায় অর্ধেক খাওয়া। বিষয়টি ডেলিভারি ম্যানকে জানিয়ে পার্সেলটি ফেরত নেওয়ার অনুরোধ করলেও পরে তিনি আর ফোন রিসিভ করেননি। পরে রেস্টুরেন্টে যোগাযোগ করলে তারা সরাসরি টাকা ফেরত দিতে না পারলেও নতুন খাবার দেওয়ার কথা জানায়। নতুন পার্সেল পাওয়ার পর হেনা মমো দেখতে পান, খাবারের পরিমাণ আগের তুলনায় কম এবং মানও সন্তোষজনক নয়। বিষয়টি জানালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষও খাবারের পরিমাণ কম থাকার কথা স্বীকার করে।’


তিনি বলেন, ‘খাবার প্রস্তুত, প্যাকেট সিল ও ডেলিভারির পুরো প্রক্রিয়ায় রেস্টুরেন্ট এবং ডেলিভারি ম্যান- উভয়েরই খাবারের নিরাপত্তা ও মান নিশ্চিত করতে আরও দায়িত্বশীল হওয়া উচিত।’

 


তিনি ফুডপান্ডার মাধ্যমে বিফ বিরিয়ানি অর্ডার করে ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলে দেখতে পান, বিরিয়ানির অর্ধেক খাওয়া। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের অবহিত করলেও সন্তোষজনক সমাধান পাননি বলে অভিযোগ করেন।

 

অভিযোগের বিষয়ে ফুড পান্ডা অ্যাপসের (রাইডার) ডেলিভারি ম্যান স্বচ্ছ তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

 

বিষয়টি সম্পর্কে রাজবাড়ি রেস্টুরেন্টের সুপারভাইজার শাকিল আহমদ বলেন, ‘সকালে ফুডপান্ডা অ্যাপসের মাধ্যমে একটি বিরিয়ানির অর্ডার আসে। ফুডপান্ডার রাইডার ওই বিরিয়ানি ডেলিভারি দিতে নিয়ে যায়। পরে অর্ডারদাতা ম্যাডাম কল করে জানান, বিরিয়ানির প্যাকেটটি অর্ধেক খাওয়া ছিল। আমরা উনাকে বিরিয়ানির প্যাকেটটি দিতে বলি এবং এর পরিবর্তে আরেক প্যাকেট বিরিয়ানি দিই। ফুডপান্ডার রাইডার বিরিয়ানিটি নিয়ে আসে এবং পরিবর্তন করে নিয়ে গেলে আবার কল আসে যে, পরিবর্তন করে দেওয়া প্যাকেটটিও আগের বিরিয়ানির প্যাকেটের মতো ছিল।’

 

শাকিল আহমদ আরও বলেন, ‘এরপর থেকে আমরা ওই রাইডারের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি আর কল ধরেননি। বিষয়টি আমরা ফুডপান্ডা অ্যাপসের ম্যানেজারের কাছে অভিযোগ করব।’

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮