ছবি: ফাইল ছবি।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামছে না। সারাদেশের মতো সিলেট বিভাগেও জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। বিভাগের চার জেলায় এক মাসে ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রকাশিত জুলাই মাসের সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
রবিবার (১৬ আগস্ট) বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত প্রতিবেদনে দেশের সড়ক দুর্ঘটনার এ চিত্র প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সিলেটসহ সারাদেশে মোট ৪৪১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৮ জন। আহত হয়েছেন ৫৩৯ জন। যানবাহনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১০৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে জুলাই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত এবং ১৪৬ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০১ জন, আহত হয়েছেন ১২২ জন।
রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
বিআরটিএর প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসের সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরকার বা জিপ ১৮টি, বাস বা মিনিবাস ১০৬টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, পিকআপ ৩৫টি, মাইক্রোবাস ৮টি, অ্যাম্বুলেন্স ৫টি, মোটরসাইকেল ১২৪টি, ভ্যান ২০টি, ট্রাক্টর ৮টি, ইজিবাইক ২১টি, ব্যাটারিচালিত রিকশা ২৮টি, সিএনজি অটোরিকশা ৫৭টি এবং অন্যান্য যানবাহন ছিল ১০১টি।
যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে মোটরসাইকেল দুর্ঘটনায় সর্বোচ্চ ১০৯ জনের মৃত্যু হয়েছে। মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৮ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৫৬ জন, পিকআপ দুর্ঘটনায় ১৬ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
এ ছাড়া ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৪ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১৫ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৪ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন প্রাণ হারিয়েছেন।
সার্বিক পরিসংখ্যান বলছে, জুলাই মাসেও দেশের সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি ছিল উদ্বেগজনক। বিশেষ করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি সড়ক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আরও সামনে নিয়ে এসেছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.