প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২২:২৫ (মঙ্গলবার)
যুব মহিলা লীগ নেত্রী গ্রে প্তা র

ছবি: সংগৃহিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিফাত জাহান নামের যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (১৭ আগস্ট) সকালে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এর আগে রবিবার (১৬ আগস্ট) রাতে পৌরসভার শিমুলতলী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার রিফাত জাহান পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরহোসেনপুর শিমুলতলী এলাকায় নিজ বাসায় এলাকার মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেন রিফাত জাহান।

 

পরবর্তীতে সেই খাবার বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি লিখেন, ‘ওরা ভেবেছিল তোমাকে হত্যা করেই সব শেষ। কিন্তু ওরা বোঝেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

 

একই পোস্টে তিনি আরো লেখেন, ‘আজকের এই আয়োজন আপনার জন্য। আল্লাহপাক আপনাকে ও আপনার পরিবারকে যেন বেহেশত নসিব করেন।

 

আমাদের মাঝে আপনার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। তিনি যেন দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে পারেন এবং রাজাকারমুক্ত করতে পারেন।’

 

স্থানীয়ভাবে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরে আসে বলে জানা গেছে।

 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কার্যক্রম প্রচারের অভিযোগে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে