প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১৫:৪৯ (মঙ্গলবার)
গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ স্ত্রীর, রেগে গেলেন সোমি আলি

বেশ কিছুদিন ধরে দাম্পত্য বিরোধে ছারখার গোবিন্দর সংসার। পরকীয়ার অভিযোগে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে গোবিন্দের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দুজনই ঘরের ঝামেলা নিয়ে প্রকাশ্যে একে অন্যকে অভিযোগ করছেন।
 

এরই মধ্যে সম্প্রতি কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে স্ত্রী গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেন। স্ত্রীর এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান অভিনেতা। এ ঘটনায় গোবিন্দর সমর্থনে তেলেবেগুনে জ্বলে প্রতিবাদ জানান করেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত এই আমেরিকান অভিনেত্রী বিষয়টিকে সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসেবেই দেখছেন।

বলিউডের রঙিন ক্যানভাসে অভিনেতা গোবিন্দর রয়েছে দীর্ঘ সফর। তবে তরুণ অভিনেত্রীদের সঙ্গে পর্দা শেয়ার করায় সিনেপাড়ায় তাকে নিয়ে চলছে নানা চর্চা। নানা কটাক্ষের মধ্যে প্রভাবশালী এই অভিনতোর পাশে দাঁড়িয়েছেন সোমি আলি। তার স্পষ্ট বক্তব্য, ‘প্রতিভার কোনো নির্দিষ্ট মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে না। কাজের অভিজ্ঞতা ও দক্ষতাই একজন শিল্পীর আসল পরিচয়, তাই তাকে বয়সের সংকীর্ণ গণ্ডিতে বাঁধা অনুচিত।’
 

গোবিন্দ ও তার স্ত্রী সুনীতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোমি বলেন, তরুণ সহশিল্পীদের সঙ্গে কাজের সিদ্ধান্তে কোনো ভুল নেই। কোনো অভিজ্ঞ তারকা যখন ইন্ডাস্ট্রির পরিবর্তনশীল পরিবেশ কিংবা কাজের সুযোগ কমে যাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যান, তখন তার সেই অদম্য জেদকে অভিবাদন জানানো উচিত।

সম্প্রতি হাঁটুর বয়সী অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি হন গোবিন্দ। এরপরই তাদের মধ্যে প্রেমের গুঞ্জনে নতুন হাওয়া লাগে। এমন আবহে কোমলকে খোঁচা দিয়ে সুনীতা আহুজা বলেন, “গোবিন্দর মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।” এতে গোবিন্দ প্রতিক্রিয়া দেখাতে দেরি করেননি।
 

এমন বিতর্কের আবহে সোশ্যাল মিডিয়ায় গোবিন্দের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে ঢাল হয়ে দাঁড়ান সোমি। গোবিন্দের প্রতি সোমি আীলর গভীর শ্রদ্ধাবোধ ও মন্তব্য নেটপাড়ায় নতুন করে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭