প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১৭:২৯ (মঙ্গলবার)
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, বর্ধিত বিদ্যুতের দাম স্থগিত, গ্যাস-বিদ্যুতের নানা সংকট সমাধানের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আলোচনা সভা সোমবার সন্ধ্যা ৭ টায় বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় নেতা মামুন রশীদ এডভোকেট, শাহিদুর রহমান জুনু, মোহাম্মদ লায়েক মিয়া, সরোজ ভট্টাচার্য্য, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, আবুল মতাওয়াল্লী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, মাহবুব ইকবাল মুন্না, জাকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৪৬টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, গ্রামে তীব্র লোডশেডিং, সাম্প্রতিক সময়ে লোডশেডিং আগের মাত্রায় সব রেকর্ড ছাড়িয়েছে। গ্যাস সংকটের কারণে বৃহত্তম শিল্প মেঘনা শিল্প সহ দেশের শত শত কলখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য জনগণের সাথে তামাশার শামিল। সম্প্রতি সিলেটেও ২৪৭ মেঘাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ২০২ মেঘাওয়াট বিদ্যুৎ। তীব্র গরমে বৃহত্তর সিলেটের মানুষ বিক্ষুব্ধ। এক সময় গ্যাস থেকে প্রায় ৫ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন তা নেমে এসেছে সাড়ে ৩ থেকে ৪ হাজার মেঘাওয়াট।

এদিকে পেট্রোবাংলা গ্যাসের দাম বৃদ্ধির করার প্রস্তাব করেছে। যা বড়ই হাস্যকর। দুর্নীতির মাধ্যমে গ্যাস-বিদ্যুৎ খাত থেকে লুটকৃত হাজার হাজার কোটি টাকা এখনো উদ্ধার হয়নি। জ¦ালানী বিভাগের মহাদুর্নীতিবাজ ব্যক্তিগণ এখনো আটক হয়নি। তারপরও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এটা জনগণের উপর এক ধরনের জুলুম।

একদিকে অসহনীয় লোডশেডিংয়ে জনগণ অতিষ্ঠ। অন্যদিকে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ নিয়ে দুর্ভোগে ৫৫ লাখ গ্রাহক। তাই দ্রুত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল করে গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করতে হবে। গ্যাস-বিদ্যুতের সকল প্রকার অযৌক্তিক চার্জ বন্ধের জোর দাবী জানান বক্তাগণ।

সভাপতির বক্তব্যে এডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা বন্ধ, বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, বর্ধিত বিদ্যুতের দাম স্থগিত, গ্যাস-বিদ্যুতের নানা সংকট সমাধান সহ সকল প্রকার অযৌক্তিক চার্জ বন্ধের দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ৩০ আগস্ট রবিবার বিকাল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩