প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ২২:১১ (বুধবার)
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিজাস্টার রেসপন্স ইউনিট’

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিজাস্টার রেসপন্স ইউনিট’। সংগঠনের উদ্যোগে মৌলভীবাজার জেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে ৭টি পরিবারকে নতুন টিনসহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি জনসংযোগ শাখা থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

জনসংযোগ শাখা জানায়, সাম্প্রতিক বন্যায় অত্যধিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিজাস্টার রেসপন্স ইউনিট’। এই সংগঠনের উদ্যোগের সাথে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও। সংগ্রহ করা হয় অনুদান। এরপর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পর ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে নতুন টিন কিনে দেওয়া হয়। একইসঙ্গে ঘরে টিন লাগানোর জন্য শ্রমিকদের খরচও সংগঠনের পক্ষ থেকে বহন করা হয়েছে।

এছাড়া সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ১০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ ও ৫ লিটার তেল প্রদান করা হয়। স্বাস্থ্য সহায়তা হিসেবে খাবার স্যালাইনও প্রদান করে সংগঠনটি।

এর বাইরে কয়েকটি অস্বচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিজাস্টার রেসপন্স ইউনিট’ মানবিক সহায়তা নিয়ে পাশে থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে