প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৬:১৪ (বুধবার)
সিলেট র‍্যাব সদস্যদের উপর হা ম লা, জজ মিয়া গ্রে ফ তা র

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব-৯) অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সোয়া দেড়টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. জজ মিয়া (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খাগাতুয়া পশ্চিম পাড়ার মৃত হাজী হরন মিয়ার ছেলে। 

 

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সদর মডেল থানার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের মেইন গেইটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নবীনগরে সফিক ডাকাত ও তার বাহিনী কর্তৃক র‍্যাব সদস্যের উপর সংঘবদ্ধ হামলার মামলায় আসামী জজ মিয়াকে গ্রেফতার করা হয়।

 

জানা যায়, গত মে মাসে নবীনগরে র‍্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা, আটকে রেখে নির্যাতন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে নবীনগর থানায় মামলা করে। এরপর মামলার প্রধান অভিযুক্ত সফিক ডাকাতকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়। এবার র‍্যাবের অভিযানে গ্রেফতার হলেন জজ মিয়া (৫৫)।

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০১