সিলেট নগরীর অবকাঠামোগত উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে বালুচর ১নং মসজিদ থেকে নতুন বাজার পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এই নির্মাণকাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করে যোগাযোগ ব্যবস্থা সহজ করাই সিসিকের মূল লক্ষ্য। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ে এই সড়ক নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এদিকে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রদলের আহ্বায়ক যৌক্তিক দাবির প্রেক্ষিতে বালুচর নয়াবাজার থেকে সিকৃবির ২নং গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেন সংস্কার কাজ দ্রুত শুরু ও সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন প্রশাসক।
পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন রাস্তার কাজও সিকৃবি শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধার্থে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। সিসিক প্রশাসকের এই তাৎক্ষণিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.