স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. সেলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভার ২নম্বর ওয়ার্ড উল্লাপাড়া কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত নারী ও হামলাকারী স্বামী দুই জনই রোহিঙ্গা। এ ঘটনায় মো. সেলিমকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নুরহাবা বেগম (২৫) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। আটক মো. সেলিম ( ৩০) একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে, পেশায় দিনমজুর। উল্লাপাড়ায় তারা ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
জানা যায়, পরকীয়া সন্দেহে আগে থেকেই সেলিমের সঙ্গে বিরোধ চলছিল নিহত নুরহাবার। সকালে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.