প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ০০:০০ (বৃহস্পতিবার)
প্রতিদিন হামে মৃ ত্যু দেখছে সিলেট

ছবি: ফাইল ছবি।

সিলেটে কোনভাবেই কমছে না হাম সংক্রমণ। প্রতিদিন হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় চারমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গেল এক সপ্তাহে মারা গেছে ৯ শিশু। এছাড়া প্রতিদিন বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১০৮ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের তথ্য অনুযায়ী গতকাল বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩৯ জন। এর মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্ক ও বাকিরা শিশু। গেল এক সপ্তাহে মৃত্যুহীন দিন দেখেনি সিলেট। প্রায় প্রতিদিনই ঘটেছে মৃত্যুর ঘটনা।

 

একসপ্তাহে হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৯ জনের। গেল ২৪ ঘন্টায় নতুন ভর্তি ১০৮ জনসহ সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জনে। এর মধ্যে একশ’ শয্যার হাম ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩২ জন। শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় এক বেডে একাধিক শিশু রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

 

এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন আছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম জানান, হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের চিকিৎসার জন্য সরকারি সকল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে একটি সময় পর হামের সংক্রমণ ধীরে ধীরে কমে আসবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ