প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ১৮:৫৬ (শুক্রবার)
দরজা খুলতেই প্রবাসীর স্ত্রীকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকেন দুই ব্যক্তি, অতঃপর...

প্রকৌশলী মো. নুরুজ্জামান থাকেন সৌদি আরবে। দেশে তার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাস করছেন একটি ফ্ল্যাটবাড়িতে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নুরুজ্জামান শিগগিরই দেশে আসবেন বাড়ির অবশিষ্ট কাজ করাতে। কিন্তু তার আগেই বড় ক্ষতির মুখে পড়েছেন তিনি।

 

বুধবার (১৯ আগস্ট) ফেনীর মহিপালের মুসলিম ভূঁইয়া বাড়ির রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় অবিনব এক কৌশলে ডাকাতির শিকার হয়েছে নুরুজ্জামানের পরিবার। জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকালে কলিং বেল শুনে দরজা খুলতেই নু্রুজ্জামানের স্ত্রী শাহানা আক্তারকে ধাক্কা দিয়ে ঢুকে পড়েন দুই ব্যক্তি। বন্ধ করে দেন সদর দরজা। 

 

ভুক্তভোগী গৃহবধূ শাহানা আক্তার বলেন, 'সকালে মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁকে জিম্মি করে ১০ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে পালায় দুই ডাকাত। ঘটনার সময় আমার ছেলে স্কুলে থাকায় আমি একা ছিলাম ঘরে। তারা আচমকা ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে চেপে ধরে আমাকে বাথরুমে বন্দী করে রাখে।'

 

পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবার বলেছেন বাসায় টাকা ছিল, এটি তাঁদের পরিবারের বা ভাড়াটে কোনো লোকজন দুর্বৃত্তদের জানিয়ে থাকতে পারেন। সে অনুযায়ী তাঁরা যাঁদের সন্দেহ করছেন, তাঁদের নাম আমরা নিয়েছি। সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ আশিক-০৭