প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ২২:০০ (শুক্রবার)
সিলেটে ছাত্রলীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা

ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৪০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. আফসার উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

 

দক্ষিণ সুরমা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট সকাল পৌনে ৭টা থেকে ৭টার মধ্যে দক্ষিণ সুরমা থানার ৩ নম্বর তেতলী ইউনিয়নের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন নির্মাণাধীন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন পরস্পর যোগসাজশে উসকানি, মদদ ও ষড়যন্ত্রের মাধ্যমে সরকারবিরোধী ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে আয়োজন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উগ্রবাদ প্রচার ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

 

মামলার প্রধান আসামি রাহেল সিরাজ (৩০) সিলেটের গোলাপগঞ্জ থানার মাইজভাগ এলাকার মৃত উজ্জ্বল আহমদ বখতিয়ারের ছেলে।

 

মামলার এজাহারে আরও বলা হয়, ৬ আগস্ট সকালে তেতলী ইউনিয়নের বদিকোনা প্রগতি উচ্চ বিদ্যালয়ের সামনে ও সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন নির্মাণাধীন মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলাটি করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১