ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে টেলিভিশন, আয়না, বেসিন সেলফ ও তোয়ালে চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ওই পোশাকের কাপড় দিয়ে তৈরি লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাইফুর রহমান নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। পরে হোটেল কর্তৃপক্ষ তাকে কক্ষটির চাবি বুঝিয়ে দেয়। হোটেলে অবস্থানকালে তিনি মাঝেমধ্যে বাইরে যাতায়াত করতেন। এ সময় তাকে প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরতে দেখা যায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির লোগোযুক্ত পোশাক পরা অবস্থায় এবং একই ধরনের লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হচ্ছিলেন সাইফুর রহমান। এ সময় হোটেলকর্মী ওবায়দুর মিয়া তার কাছে কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বাইরে কাজ আছে বলে জানান। কাজ শেষে ফিরে আসবেন জানিয়ে ২০৩ নম্বর কক্ষের চাবি ওবায়দুর মিয়ার কাছে রেখে তিনি চলে যান।
তবে লোগোযুক্ত পোশাক ও ব্যাগ নিয়ে তার বের হয়ে যাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ম্যানেজার ওবায়দুর মিয়াকে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের আয়না, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি। বিষয়টি হোটেল মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হলে তিনি সাক্ষী মো. আব্দুল কাইয়ুমকে সঙ্গে নিয়ে ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকায় যান। সেখানে সাইফুর রহমানকে আটক করে পরে দিরাই থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে হোটেল থেকে চুরি যাওয়া মালামাল শনাক্ত করে উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাইফুর রহমান নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সরকারি কর্মচারীর পোশাক পরার কথা স্বীকার করেন। একই সঙ্গে জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে টেলিভিশন, আয়না, বেসিন সেলফ ও তোয়ালে চুরির কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় দিরাই থানায় চুরি ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেফতার সাইফুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ হিল্লোল/ এহিয়া-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.