হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে মালেক সুপার মার্কেটের একটি ফার্মেসি থেকে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় শরিফ উদ্দিন (২০) নামে এক চোরকে আটক করেছে জনতা।
এসময় চুরি হওয়া মোবাইল ফোনসহ তার কাছ থেকে আরো তিনটি ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। শরিফ উদ্দিন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে তাজু মিয়ার ছেলে।
ফার্মেসির মালিক সাহিরুল ইসলাম বলেন, ‘শরিফ নামে ওই চোর দোকান থেকে একটি মোবাইল ফোন কৌশলে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করে।’
তিনি বলেন, ‘উপস্থিত সকলের সিদ্ধান্তে তাকে শাস্তি হিসেবে ২শ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়।’
তবে শরিফ চার রাকাত নামাজ আদায় করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকায় নানান আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখন শরিফকে যেখানেই পাওয়া যাবে আটক করতে ছাতিয়াইন পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.