বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনাস আহমেদ বাপ্পি ওই গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। বিয়ের রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। ফ্যানটি আনাসের শরীরের ওপর পড়ার পর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহত আনাসের চাচাতো ভাই রুবেল হোসেন বলেন, ‘শুক্রবার বৌভাতের আয়োজন চলছিল। পরিবারের লোকজন নাচের প্যান্ডেলে নাচ উপভোগ করছিলেন। এ সময় পাশে থাকা একটি ফ্যান আনাসের গায়ের ওপর পড়ে। পরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিষয়টি জানতে এবং ঘটনাস্থলের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.