প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৮:৫৬ (শনিবার)
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ছবি: সিলেট ভিউ।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) ‘এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে এবং ‘সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাব, আম্বরখানা, সিলেট’-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। লাছুখাল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হযরত শাহজালাল (রহ.) ইবতেদায়ি মাদরাসা, লাছুখাল, কোম্পানীগঞ্জে বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও বিতরণ করা হয়।

 

কর্মসূচিতে কাঠাল, জলপাই, মেহগনি, রেন্টি ও কদমসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাব, আম্বরখানা, সিলেটের সভাপতি মো. চাঁন মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিমুল তালুকদার।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মনাফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল মিয়া, কৃষক দলের সভাপতি মো. মোস্তফা খন্দকার, এনামুল হক, জালাল মিয়া, মো. জাহাঙ্গীর আলম, ইসলামপুর গ্রামের মো. আব্দুর রহিম, মো. বাচ্চু মিয়া, মো. কামাল হোসেন, মো.আলম ভূইয়া, মো. মুসা খন্দকার, মরম আলী, মো. কবির চৌধুরীসহ বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ চরম হুমকির মুখে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তীব্র দাবদাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকৃতিকে রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অন্যতম কার্যকর উপায় হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা।

 

বক্তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করেছে। রেডিও শুধু তথ্য ও বিনোদনের মাধ্যম নয়; সামাজিক উন্নয়ন, সচেতনতা সৃষ্টি ও মানবিক কার্যক্রমেও বেতার শ্রোতা সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজকের একটি ছোট্ট চারাগাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

তারা বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা চারাগাছের যথাযথ পরিচর্যা, পানি দেওয়া ও সুরক্ষা নিশ্চিত করাও সবার দায়িত্ব। এ জন্য এলাকার সর্বস্তরের মানুষকে নিজ নিজ উদ্যোগে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

 

সাউথ এশিয়া বেতার শ্রোতা ক্লাব, আম্বরখানা, সিলেটের সভাপতি মো. চাঁন মিয়া বলেন, বেতার শ্রোতা সংগঠনগুলো শুধু তথ্য আদান-প্রদান বা বেতার অনুষ্ঠান শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনা, মতামত ও প্রতিক্রিয়া জানানো এবং চিঠিপত্র আদান-প্রদানের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এসব সংগঠন।

 

তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং শিশু ও নারী উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সংগঠনটি কাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সংগঠনের দায়িত্বশীলরা বলেন, ‘রেডিও শোনার মাধ্যমে আমরা যে জ্ঞান ও সচেতনতামূলক বার্তা পাই, তা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে চাই।’

 

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এদিকে সংগঠনের সভাপতি অধ্যাপক মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয় এবং উপদেষ্টামণ্ডলী এ কর্মসূচিতে সহযোগিতা ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তথ্য ও জ্ঞানভিত্তিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬