সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারায়ণপুর চাইল্লাবন্দে এলাকায় বাইতুল আমান জামে মসজিদে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- আবুল হেকিম (৬৫) ও মিফতা মিয়া (৩০)।
আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হেকিম ও মিফতা মিয়া জুমার নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাইতুল আমান জামে মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেন। এতে তারা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গোলাগুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আবুল হেকিমের ছেলে মনজুর কামালী বলেন, ‘আমার আব্বা ও মিফতা ভাই বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। হঠাৎ করে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে দুজনেই গুলিবিদ্ধ হন। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.