ছবি: সংগৃহিত
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান। শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ইতিমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে। আর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলো এ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।
বোর্ড সূত্রে জানা যায়, গত ২ জুলাই চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়। ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে।
তবে বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। এ বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য আগামী ২৪ আগস্ট বিশেষ পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.