স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের সঙ্গে প্রার্থীদের সম্পৃক্ততা, স্থানীয় পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা এবং দলীয় নেতাকর্মীদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করা হবে।
সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে দুপুর ১২টায় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে যান রিজভী।
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন রিজভী। তিনি বলেন, এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না। তাই ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন তার নির্দেশনা অনুযায়ী দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, সাংগঠনিক কর্মকাণ্ড সুন্দরভাবে শেষ করতে কাজ করব।
তিনি বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যে কাজ করেছেন, সেগুলোই বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে তাদের সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন। কিছু কর্মসূচিও জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের মধ্যে হয়তো দুই-একজন অনৈতিক কর্মকাণ্ড করে থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না।
তিনি বলেন, আপনারা গঠনমূলক কাজ করবেন এবং দলকে শক্তিশালী করবেন। যাতে নেতাকর্মীরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে, সেই চেষ্টাই আপনারা করবেন। এ সময় বিএনপি নেতা আবদুস সালাম, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব-উন নবী খান সোহেল, আমিনুল হক, আমিরুল ইসলাম খান আলীম, মাহবুবুর রহমান নান্নু, মুনীর হোসেন, রফিকুল আলম মজনু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল কাদির ভূঁইয়া, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.