কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরের পাশে কাওয়ালি পরিবেশন করা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তার ভাতিজা রাহাত ফতেহ আলী খান।
দৈনিক জং-এর বরাতে জানা যায়, এক ইউটিউব অনুষ্ঠানে কথা বলার সময় রাহাত ফতেহ আলী খান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা ভালোবাসা থেকেই সমালোচনা করেন এবং এটিও তাদের ভালোবাসা প্রকাশের একটি ধরন। তবে যারা আমাদের ঐতিহ্য ও রীতিনীতি সম্পর্কে জানেন না, তারাই এই কর্মকাণ্ডের সমালোচনা করছেন।’
তিনি তার ব্যাখ্যায় বলেছেন, ‘আমরা কবরের উপরে দাঁড়িয়ে ছিলাম না; বরং কবরের চারপাশে দাঁড়িয়ে কাওয়ালি পরিবেশন করছিলাম। এ সময় পূর্ণ সম্মান বজায় রাখা হয়েছিল।’
রাহাত ফতেহ আলী খান দুঃখ প্রকাশ করে বলেন, ‘বিশ্বাসই করতে পারছি না যে, নিজের কোনো আপনজনও আমার বিরুদ্ধে এত কথা বলেছেন।’
উল্লেখ্য, মাত্র ৬ বছর বয়স থেকে রাহাত ফতেহ আলী খান তার আপন চাচা নুসরাত ফাতেহ আলী খানের কাছে কাওয়ালির তালিম নেওয়া শুরু করেন এবং ১৫ বছর বয়সে তার কাওয়ালি দলে যোগ দেন। ১৯৯৭ সালে ১৬ আগস্ট নুসরাত ফাতেহ আলী খানের মৃত্যুর পর কাওয়ালি দলের মূল নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন রাহাত ফতেহ আলী খান।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.