প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৬:১২ (বৃহস্পতিবার)
বাংলাদেশ বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃ*ত্যু, জরুরি অবতরণ

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।
 

তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য ফ্লাইটটি ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখানে বিমানবন্দরের চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, যাত্রী অসুস্থ হয়ে পড়ার পর ফ্লাইটটি মাসকটে অবতরণ করে। পরে ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার দুপুরের পর এটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
 

ওই নারী যাত্রীর মৃত্যুর বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬