প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৫:২৮ (শুক্রবার)
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বম্ভরপুরে প্রথমবারের মতো জশনে জুলুস ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রথমবারের মতো জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্ট অব সুন্নি মিশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মিশনের চেয়ারম্যান খাজা সাইদুল ইসলাম সলুকাবাদী।

এ উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা শহর থেকে জশনে জুলুস বের করা হয়। এতে বিপুলসংখ্যক আশিকে রাসুল (সা.) অংশ নেন। জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
 

পরে জুলুসে অংশ নেওয়া মুসল্লিরা চালবন প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তি, মানবতা, সাম্য ও সম্প্রীতির মহান বার্তাবাহক। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.)-এর শুভাগমনের স্মৃতিচারণ করে বক্তারা তাঁর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 

অসংখ্য আশিকে রাসুল (সা.)-এর এই মিলনমেলায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হালিম, গোলগাঁও; মাওলানা আব্দুল হাকিম, মেরুয়াখলা কামিল মাদ্রাসা; মাওলানা মিরাজুল ইসলাম, কাপনা দাখিল মাদ্রাসা; মাওলানা জহিরুল ইসলাম, মেরুয়াখলা; মাওলানা আবু হানিফা, গাজিরগাঁও মাদ্রাসাসহ স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমনের স্মৃতিকে স্মরণ করেই ঈদে মিলাদুন্নবীর এ আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
 

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবীর এ আয়োজনের সমাপ্তি হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১