প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৬:১২ (শুক্রবার)
সিলেটের যে জেলায় চাঁদা না পেয়ে হা ম লা, এনসিপির ৫ নেতা গ্রে ফ তা র

ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে দলটির জেলা পর্যায়ের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দেন তামিম আহমদ। অভিযোগে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়।

 

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে এহসান জাকারিয়া, মো. তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়াকে গ্রেফতার করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দলীয় বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তামিম আহমদের পূর্ববিরোধ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্য এহসান জাকারিয়া তামিমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরও এহসান জাকারিয়া ও তারেক জামিল তাকে হত্যার হুমকি দিয়েছেন।

 

অভিযোগে আরও বলা হয়, ঘটনার রাতে তামিম কয়েকজনের সঙ্গে মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাচ্ছিলেন। পথে বিছরাকান্দি এলাকায় পৌঁছালে এহসান জাকারিয়াসহ অভিযুক্তরা তাদের পথরোধ করেন। এ সময় এহসান জাকারিয়া আবারও পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে তামিমকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। 

 

এ সময় তামিমকে উদ্ধারে তার সঙ্গে থাকা ব্যক্তিরা এগিয়ে এলে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তামিমসহ সাতজন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

 

এসআই ফরহাদ মাতব্বর বলেন, ঘটনার পর পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ অনি/ এহিয়া-০২