প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২০:০০ (শুক্রবার)
সিলেটে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, অংশ নিবেন যে সব গুরুত্বপূর্ণ কর্মসূচিতে

ছবি: ফাইল ছবি।

স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে সিলেট আসছেন সালাহউদ্দিন আহমদ। আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁর এই সফরে সীমান্ত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

 

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টা ২০ মিনিটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে।

 

সেখানে চা-বিরতি শেষে দুপুর ১২টা ১০ মিনিটে ‘Shimanto School of Surveillance and Drone Warfare’ (SSSDW)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র পর্বে অংশ নেবেন মন্ত্রী। উদ্বোধনের পর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টা ৫০ মিনিটে সেখানে আয়োজিত ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।

 

দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি প্রেস ব্রিফিং করবেন। পরে দুপুর ১টা ৫০ মিনিটে বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন।

 

সফরের গুরুত্বপূর্ণ আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হবে বিকেল ৩টা ৩০ মিনিটে। এ সময় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন সালাহউদ্দিন আহমদ।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার ফয়সল হাসান।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫