প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ০০:০০ (শনিবার)
নেপালে বন্যায় নিখোঁজ স্ত্রী, লন্ডনে স্বামী-সন্তানের উৎকণ্ঠা

নেপালে আকস্মিক বন্যার পর স্ত্রী নিখোঁজ হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন যুক্তরাজ্যের লন্ডনপ্রবাসী বিক্রম কোলাগাটলা। তার স্ত্রী গীতা রেড্ডি বন্যায় বেঁচে আছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি তিনি।
 

শুক্রবার (২৮ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্রম জানান, ৪৩ বছর বয়সী গীতা শনিবার তীর্থযাত্রার উদ্দেশ্যে নেপালে যান। আগামী ৪ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা ছিল। নেপালে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তিনি।
 

ব্রিটিশ কনস্যুলেট থেকেও এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাননি বলে জানান বিক্রম। তার ভাষ্য, কনস্যুলেট কর্মকর্তারা নেপাল সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

৫০ বছর বয়সী বিক্রম ও তার ১২ ও ১৪ বছর বয়সি দুই মেয়ে এখন গীতার খোঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
 

বিবিসিকে বিক্রম বলেন, ‘আমরা বুঝতে পারছি না কী করব। আমার দুটি ছোট মেয়ে আছে। আগামী সপ্তাহে তাদের স্কুল শুরু হবে। শিশুরা এখনো বিষয়টি বিশ্বাস করতে চাইছে না।’

তিনি বলেন, ‘তারা ভাবছে, মা বন্যায় কোথাও আটকে আছেন এবং ফিরে আসবেন। সেখানে মোবাইল নেটওয়ার্কও নেই। আমি সন্তানদের খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকতে বলছি।’
 

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক প্লাবনের পর বহু মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫