নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে কয়েকজন ব্যক্তি মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। স্থানীয় গ্রাম পুলিশ বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলে করে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র ও পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে। পরে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মারুফ হোসেন মুন্নাসহ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযোগ, জননিরাপত্তা বিঘ্নিত করা, যানবাহন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় এসআই মোহাম্মদ তাইজুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।
পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.