প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১৭:৫৮ (রবিবার)
মাধবপুরে জাতীয় ৪ নেতার মুরাল অপসারণের দায় কার

ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে সম্প্রতি আলোচিত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের মুরাল অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

 

তবে মুরাল অপসারণের দায় সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের ওপর দিয়েছেন মাধবপুরের সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বর্তমানে সিলেটের বিশ্বনাথ উপজেলার ইউএনও জাহিদ বিন কাসেম। গোলাম মোস্তফা রফিক হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

 

জাহিদ বিন কাসেম দাবি করেন, সম্প্রতি মারা যাওয়া হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিকের দায়িত্বকালে মুরালটি অপসারণ করা হয়েছিল। তিনি বিষয়টি জানতেন না বলেও দাবি করেন।

 

তবে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া এমন একটি গুরুত্বপূর্ণ মুরাল অপসারণের ঘটনা জানার পর তিনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি নেতিবাচক উত্তর দেন। একইভাবে এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো রেজুলেশন, সভা কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি-না এ প্রশ্নেরও কোনো ইতিবাচক উত্তর পাওয়া যায়নি।

 

উপজেলার বর্তমান ইউএনও মো. মেহেদী হাসান বলেছেন, ‘মাধবপুর উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্তে ওই ম্যুরাল অপসারণ করা হয়নি। নতুন ম্যুরাল তৈরির ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেই।’

 

এ বিষয়ে তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘বিএনপি সরকারকে স্পষ্ট করে বলতে হবে, তারা এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে কি না। তাদের স্পষ্ট করে বলতে হবে, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শকে সম্মান ও লালন করে কি-না।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ সানাউল/ এহিয়া-০২