ছবি: সিলেট ভিউ।
সকালে বাড়ি তালাবদ্ধ করে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সিলেট শহরে। বিকেলে ফিরে দেখলেন ঘরের দরজা ভাঙা। ভেতরে ঢুকেই চোখে পড়ে একের পর এক কক্ষ তছনছ। আলমারি ও ঘরের বিভিন্ন স্থানে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্ধর্ষ চোরের দল। এমন ঘটনায় হতভম্ব হয়ে পড়েছে শিক্ষক পরিবার।
শনিবার (২৯ আগস্ট) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি আশিঘর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমরান আহমেদ চৌধুরীর।
জানা যায়, শনিবার সকালে এমরান আহমেদ চৌধুরীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে সিলেট শহরে যান। বিকেলে বাড়িতে ফিরে তারা দেখতে পান, মূল দরজা ভাঙা। ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যরা দেখতে পান, একাধিক কক্ষের মালামাল তছনছ করে রেখেছে চোরেরা। ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষক এমরান আহমেদ চৌধুরী জানান, চোরের দল দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্ত চলছে।’
প্রসঙ্গত, ফেঞ্চুগঞ্জে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা নতুন নয়। দীর্ঘদিন ধরে এ ধরনের সুযোগসন্ধানী চোরচক্রের উৎপাতের অভিযোগ রয়েছে। এর আগে উপজেলার মাইজগাঁওয়ে একটি বাড়িতে এবং ঘিলাছড়ায় রুকন উজ জামান চৌধুরীর বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটে।
সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.