প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৬:৪৪ (সোমবার)
যেমন প্রতিশ্রুতি, তেমন কাজ দেখালেন জৈন্তাপুরের মানিক

মানুষের দুর্ভোগ দেখেছেন, কথা দিয়েছেন—আর সেই কথা রাখতেও দেরি করেননি। সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের ডা. আবুল হাসনাত চৌধুরীর বাড়ির সম্মুখ থেকে নয়ামাটি সফর আলীর দোকান পর্যন্ত বেহাল সড়কটি নিজ উদ্যোগে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মানিক মিয়া।
 

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি নিজ উদ্যোগে ইট, কংক্রিট ও রাবিশ দিয়ে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ভরাট করেন। এতে দীর্ঘদিনের ভোগান্তির মধ্যে থাকা স্থানীয়দের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, সড়কটির কয়েকটি স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকত। একপর্যায়ে সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে পথচারী, শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে দুর্ভোগ ও ঝুঁকি তৈরি হয়।
 

সড়কের এমন দুরবস্থা নিয়ে স্থানীয়দের পাশাপাশি এলাকার যুবসমাজও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে সংস্কারের দাবি জানায়।

এর মধ্যে গত ২৪ আগস্ট সড়কটি সরেজমিনে দেখতে যান ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. মানিক মিয়া। তখন স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সড়কটি চলাচলের উপযোগী করার আশ্বাস দেন।

প্রতিশ্রুতির মাত্র কয়েকদিন পরই সেই আশ্বাস বাস্তবে রূপ দেন তিনি। রোববার সকালে শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট, কংক্রিট ও রাবিশ ফেলে গর্তগুলো ভরাট করা হয়।
 

এক স্থানীয় বাসিন্দা বলেন, “অনেকদিন ধরে রাস্তাটির অবস্থা খারাপ। মানিক মিয়া এসে দেখে কথা দিয়েছিলেন যে তিনি চেষ্টা করবেন। আজ নিজের উদ্যোগে গর্তগুলো ভরাট করে দিয়েছেন। এতে আমাদের চলাচলে অনেক সুবিধা হয়েছে।”

আরেক বাসিন্দা বলেন, “নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি নয়, মানুষের সমস্যা দেখলে পাশে দাঁড়ানোই বড় বিষয়। মানিক মিয়া অন্তত একটি সমস্যায় দ্রুত এগিয়ে এসেছেন—এটি ভালো উদ্যোগ।”

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনে জয়-পরাজয়ের হিসাবের বাইরে থেকে এলাকার মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসার এমন উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

এদিকে, ৮নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্প্রতি সক্রিয় রয়েছেন মেম্বার পদপ্রার্থী মো. মানিক মিয়া। বিভিন্ন মসজিদে এলাকাবাসীর সঙ্গে পরামর্শ সভা, দোয়া ও সহযোগিতা চাওয়ার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তিনি।
 

মো. মানিক মিয়া বলেন, “আমি গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারিনি। তবে নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, আমি সবসময় ওয়ার্ডবাসীর পাশে ছিলাম এবং আছি। এলাকার মানুষের কল্যাণে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। ইনশাআল্লাহ, আগামীতে আমাকে নির্বাচিত করে ওয়ার্ডের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ওয়ার্ডবাসী সহযোগিতা করবেন। ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, পাশে আছি এবং আমৃত্যু পাশে থাকতে চাই।”

সড়ক সংস্কারের সময় উপস্থিত ছিলেন- সমাজসেবী আব্দুল হান্নান, ফরিদ আহমেদ, বাশির আলী, সোহেল রানা, নুরুল ইসলাম মঞ্জুর, কামাল আহমেদ, রাহিম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের প্রত্যাশা, সাময়িকভাবে গর্ত ভরাটের পাশাপাশি ভবিষ্যতে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা ও সড়কটির টেকসই সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।




সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-০১