উৎসবমুখর পরিবেশ ও যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)পালিত হয়েছে।
অস্ট্রেলিয়া সিডনি দাওয়াতে ইসলামীর উদ্যোগে রবিবার (৩০ আগস্ট) বিকালে জশনে জুলুস মিছিল বের করা হয়েছে।
.gif)
এ সময় ‘ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘ইয়া রাসূল সালামু আলাইকা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও রঙিন ফেস্টুন।
জুলুস শেষে অবার্ন ইয়ুথ সেন্টারে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, মানবাতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (দ.) এই পৃথিবীতে মানব জাতির মুক্তির জন্য ইসলাম ধর্ম প্রচার করেছেন। ইসলামের সঠিক জ্ঞান আহরন করে সঠিক ভাবে তা মেনে চলার জন্য আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (দ.) এর জন্ম দিবস আজকের এই দিনে। ৫৭০ খৃস্টাব্দের এ দিনে মক্কায় জন্ম গ্রহণ করেন। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এ মহানবী হযরত মুহাম্মদ (দ.)। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরো বলেন, প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত সমাজকে খোদায়ী নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। গোটা মানব সমাজকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন। তিনি ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদশ।
এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা ওয়াহিদ আত্বরী, মাওলানা আদিলুর রহমান আত্বরী, রেজা আত্বরী, মাওলানা উমারি মীর রেজা মেমন আত্বরী, হাফিজ মাওলানা আজিজুর রহমান আত্বরী, মোহাম্মদ গয়াজ আত্বরী, মোহাম্মদ হাসিব আত্বরী, মোহাম্মদ নাদিম আত্বরী।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিনিটি নেতা আশিকুর রহমান খান, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্র জুবাইদ আলম খান, মোহাম্মদ আরমান উদ্দীন শিহাব, মোহাম্মদ মোরশেদুল আলম, মোহাম্মদ সায়িফ, মোহাম্মদ সাজ্জাদ, মো. রাকিবুল ইসলাম সাইম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.