হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তের শূণ্যরেখার ওপারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। নিহত সোহাগ মিয়া (২০) উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে। তাঁর পরিবারের দাবি গরু চরাতে গিয়ে ভুলক্রমে সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। তবে এ ব্যাপারে বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।
রোববার দুপুরে সীমান্তের চিমটিবিল খাস এলাকার শূণ্যরোখা থেকে ১ কিলোমিটার ভারতীয় অভ্যন্তর থেকে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসেন। পরে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সোহাগ মিয়ার চাচা আব্দুল কাদির জানান- প্রতিদিনের ন্যায় সোহাগ সীমান্ত এলাকায় গরু চরাতে যায়। সকালে গরু চরাতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন- হয়তো গরু ঘাস খেতে খেতে শূণ্যরেখার ওপারে চলে গিয়েছিল। গরু আনতে গেলে সে গুলিবিদ্ধ হয়।
চুনারুঘাট থানার এসআই তারেক নাজির বলেন- মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক তানজিলুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.